আবারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- আপডেট সময় ১২:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 22
আবারও দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন এই সংগীতশিল্পী।
ইংরেজিতে লেখা ওই পোস্টে ন্যান্সি উল্লেখ করেন, মেহেদী এবং তিনি আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে সম্পর্কের গভীর অর্থ ছিল, তার পরিসমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গী করেই তাঁরা এখন থেকে নিজ নিজ পথে এগিয়ে যাবেন।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এই শিল্পী অনুরোধ জানিয়ে লেখেন, যাঁরা তাঁদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁরা যেন এই কঠিন সময়ে বিষয়টি অনুধাবন করেন। পাশাপাশি তাঁদের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জীবনের স্বাভাবিক গতিতে এগিয়ে চলার কথা উল্লেখ করে শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে নতুন অধ্যায় শুরু করার প্রত্যাশাও ব্যক্ত করেন ন্যান্সি।
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে গীতিকবি ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এটি ছিল তাঁর তৃতীয় বিয়ে এবং এই দম্পতির মেহনাজ নামে একটি কন্যাসন্তান রয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী এর আগে আরও দুবার বিয়ে করেছিলেন। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়। সেই সংসারে মার্জিয়া বুশরা রোদেলা নামে এক কন্যাসন্তান জন্ম নেয় এবং ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ওই সংসারে নায়লা নামে এক কন্যাসন্তান রয়েছে এবং ২০২১ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

























