মোবাইল ও ইন্টারনেট সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ২৩ ডিসেম্বর
- আপডেট সময় ০৩:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 27
মোবাইল ফোন ও ইন্টারনেটসহ সার্বিক টেলিযোগাযোগ সেবার মান, গ্রাহক ভোগান্তি এবং সংশ্লিষ্ট নানা বিষয়ে সাধারণ মানুষের মতামত, প্রশ্ন ও পরামর্শ জানতে গণশুনানির আয়োজন করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ২৩ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্ম ও সরাসরি উপস্থিতির সমন্বয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বিটিআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই গণশুনানিতে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গণশুনানির অনলাইন অধিবেশন সবার জন্য উন্মুক্ত রাখা হবে। তবে প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর ভিত্তি করে অনলাইনে সংযুক্ত হওয়ার সুযোগ নির্ধারিত হবে।
এ ছাড়া টেলিযোগাযোগ খাত ও সেবার মান সংক্রান্ত যেকোনো প্রশ্ন, অভিযোগ বা গঠনমূলক পরামর্শ বিটিআরসির নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে আগেভাগেই জমা দিতে পারবেন আগ্রহী গ্রাহকেরা।






















