পাবনার উন্নয়ন অগ্রাধিকার পাবে: রেলমন্ত্রী
- আপডেট সময় ০৬:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 28
পাবনার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সব উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন মাঠে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, চমৎকার এই বিকেলে তিনি খুবই আনন্দিত। সম্পূর্ণ নতুন ট্রেনে যাত্রীদের সঙ্গে ঢাকায় যাবেন। পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে জনগণ নির্বাচিত করেছে উল্লেখ করে তিনি বলেন, পাবনার উন্নয়নসংক্রান্ত দাবিগুলো অগ্রাধিকার পাবে। আধুনিক রেল যোগাযোগের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়েছে। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাও নতুন করে বিন্যস্ত করা হচ্ছে।
তিনি জানান, পর্যায়ক্রমে নতুন করে আরও ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
রেলমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোটের মাধ্যমে জনগণ তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, সরকার তার মর্যাদা রাখবে। বিএনপির প্রতি জনগণের আস্থার যথাযথ প্রতিদান দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
পাবনার উন্নয়নে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা করে শেখ রবিউল আলম বলেন, তিনি এলাকার মানুষের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন দাবি তুলে ধরেছেন। বিশেষ করে ওয়াই-টাইপ সেতু নির্মাণে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমানও সেতুটি নির্মাণের বিষয়ে উদ্যোগী হয়েছেন।
রেলমন্ত্রী আরও বলেন, ওয়াই-টাইপ সেতু নির্মাণে আন্তর্জাতিক মহল থেকে বিপুল অর্থায়নের আগ্রহ রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করতে সরকার উদ্যোগ নেবে।
তিনি বলেন, পাবনার সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। ওয়াই-টাইপ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতীসন্তান ফাহিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























