গুলশান থেকে গ্রেফতার সাবেক মেয়র সাঈদ খোকন
- আপডেট সময় ০৯:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 52
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতারের পর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সাঈদ খোকনকে বর্তমানে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে তাকে গ্রেফতারের কারণ বা তার বিরুদ্ধে কোন অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান। যারা দেশ ছাড়তে পারেননি, তাদের অনেকে আত্মগোপনে চলে যান। এদের মধ্যে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ বিভিন্ন সময়ে গ্রেফতার হচ্ছেন। সাঈদ খোকনের গ্রেফতারের মধ্য দিয়ে সেই তালিকায় যুক্ত হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। বাবার হাত ধরেই রাজনীতিতে যুক্ত হন তিনি।
১৯৮৭ সালে আওয়ামী লীগের ওয়ার্ড শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন সাঈদ খোকন। পরে ১৯৯৯ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগে যুক্ত হন। ২০০৪ সালে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন।
২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন।

























