সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিরোধীদলীয় এমপির
- আপডেট সময় ০৮:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 16
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচিত মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি দেশের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা, চেষ্টা-মেহনত, মন-মানসিকতা ও চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, তা দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এমপি হানজালা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জিজ্ঞাসা করতে চাই—তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার যে মন-মানসিকতা—আমরা দেখতে পারছি, বিগত দিনে আমরা এ জিনিসগুলো কখনো দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘তার এই যে চেষ্টা, মেহনত, যে কষ্ট দেশের জন্য, দেশের প্রতি—এটাতে আমরা নিজেরাও বেশ অনুপ্রাণিত হই।’
প্রধানমন্ত্রীর চিন্তাধারা তৃণমূল পর্যায়ে পৌঁছানো প্রয়োজন উল্লেখ করে এমপি হানজালা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই—আপনার মধ্যের সেই চিন্তাধারাটা তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এজন্য অনেক অন্যায়-অবিচার হয়তো হয়ে থাকে।’
এ সময় তিনি জানতে চান, প্রধানমন্ত্রীর চিন্তাধারা কীভাবে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া যায় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী কী উদ্যোগ নিতে পারেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে একটু নোটিশ দেন, আমি ফুললি প্রিপেয়ার হয়ে এর উত্তর দেব।’
তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনি ইশতেহারে তুলে ধরেছিল।
তিনি বলেন, সরকার গঠনের পর দেশ পরিচালনার সুযোগ আল্লাহ দেওয়ায় আরও বেশি তথ্য পাওয়ার কারণে সেই পরিকল্পনাগুলোকে বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি দেশের জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করতে স্বাভাবিকভাবেই কিছু সময় প্রয়োজন হয়। সরকার এসব কাজ শুরু করলে দেশের সব পর্যায়ের মানুষ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।




















