শান্তি ও নিরাপত্তায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের
- আপডেট সময় ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 29
বিশ্বে টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বুধবার (২৩ সেপ্টেম্বর) ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রীপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেন যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। তিনি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে নারীদের আরও বেশি যুক্ত করা, নারী নেতৃত্বাধীন মধ্যস্থতা জোরদার, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারীর ভূমিকা বাড়ানো এবং নারীর ওপর সহিংসতার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও জানান, ডব্লিউপিএস বিষয়ে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে বাংলাদেশ-নেতৃত্বাধীন ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগের কথাও তুলে ধরেন।
বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা শান্তি ও নিরাপত্তায় নারীর নেতৃত্ব আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।























