ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন
- আপডেট সময় ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 37
বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা-২’। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। শনিবারের এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। হামলার পেছনে ইউক্রেন থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে জানান, জাহাজটির ১৬ জন নাবিক প্রথমে লাইফবোটে ওঠেন। পরে তাঁদের কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে নেওয়া হয়। তাঁরা বর্তমানে রাশিয়ায় ফিরছেন।
ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার পেছনে সম্ভবত ইউক্রেন রয়েছে। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। বর্তমানে এটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা রয়েছে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ড কমান্ডার মিক্কো সিমোলা জানান, উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা
ঘটনার পর ফিনল্যান্ড উপসাগরের পূর্বাংশে আকাশ ও সমুদ্রপথে সাময়িক বিধিনিষেধ জারি করেছে হেলসিঙ্কি। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে ড্রোন প্রতিহত করার সুযোগ তৈরিই এ পদক্ষেপের উদ্দেশ্য।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধ এখন দেশটির প্রতিবেশী এলাকায় ছড়িয়ে পড়ছে। ড্রোন হামলায় রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ কাজ করছে। তিনি আরও বলেন, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন জানিয়েছেন, ঘটনার পর ফিনল্যান্ড ও ন্যাটোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সুইডিশ যুদ্ধবিমান অংশ নিয়েছে। বিমানগুলো ফিনল্যান্ডের কমান্ডের অধীনে দায়িত্ব পালন করছে।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশালও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের প্রভাব বাল্টিক সাগরেও পৌঁছেছে। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে কোনো কিছুই তাঁদের বিরত রাখতে পারবে না। উদ্ধার অভিযানে সহায়তার জন্য এস্তোনিয়া নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্পার্টা-২ জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এটি রাশিয়ার জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওবোরনলজিস্টিকার সঙ্গে সংশ্লিষ্ট। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লজিস্টিক সেবা দিয়ে থাকে।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিন বলেন, জাহাজটিতে কী ধরনের পণ্য রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এতে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ ঘটনায় মন্তব্য জানতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হেলসিঙ্কিতে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
























