২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হতে রুবিওর ওপর চাপ
- আপডেট সময় ১১:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 29
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর চাপ বাড়ছে। তাঁকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত করছেন ঘনিষ্ঠজন, রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা ও অর্থদাতারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় ধরনের পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরে সংশয় তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সের সম্ভাব্য বিকল্প হিসেবে রুবিওকে সামনে আনার উদ্যোগ জোরদার করেছেন তাঁর সমর্থকেরা।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জেডি ভ্যান্স প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তাঁকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কো রুবিও। তবে সম্প্রতি সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে রাজি হননি তিনি।
সিএনএনের তথ্য অনুযায়ী, রুবিও এখন ২০২৮ সালের নির্বাচনে নিজেই প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। এমনকি প্রকাশ্যে নিজের নির্বাচনী পরিকল্পনা নিয়েও কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর জেডি ভ্যান্সের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়েও দলটির মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধকে নির্বাচনে দলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করায় ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি তাঁর সমালোচনা করেছেন।
রিপাবলিকান শিবিরের অভ্যন্তরীণ এই টানাপোড়েনের মধ্যে রুবিওর সমর্থকেরা তাঁকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন। ফলে আগামী নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন নিয়ে ভ্যান্স ও রুবিওকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে।























