আরব নাগরিকদের ইসরায়েলি সমাজের অবিচ্ছেদ্য অংশ বললেন আইজেনকোট
- আপডেট সময় ১১:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 21
ইসরায়েলের আরব নাগরিকদের দেশটির ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকোট। তিনি বলেছেন, রাজনৈতিক স্বার্থে কোনো জনগোষ্ঠীকে প্রান্তিক করে দেওয়ার চেষ্টা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরব নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালানোর অভিযোগও তুলেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন আইজেনকোট।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহল রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের আরব নাগরিকদের বৈধতা অস্বীকার এবং তাদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালাচ্ছেন।
আইজেনকোট বলেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। একজন প্রধানমন্ত্রী কেবল তাকে ভোট দেওয়া মানুষের প্রতিনিধি নন, তিনি দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী। তাই কোনো জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে কলঙ্কিত করার প্রচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। এমনকি তাদের কারও প্রতি গভীর বিরূপ মনোভাবও থাকতে পারে। কিন্তু সেই মতবিরোধের কারণে একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া ঠিক নয়।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো জোটই নিশ্চিত করতে পারেনি। ওই নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করে।
নেতানিয়াহু আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার পর আরব দলগুলোর নেতারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে সমালোচনা করে আসছেন নেতানিয়াহু। যদিও ওই হামলার নিন্দা জানিয়েছিলেন দলগুলোর নেতারা।
সরকার গঠনের ক্ষেত্রে আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকোটকে সমর্থন দিয়েছে। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা বেড়ে ৬৭ হবে। তবে এসব দলের সঙ্গে সরাসরি জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন আইজেনকোট। অন্যদিকে উগ্র-অর্থডক্স দুই দল ইউনাইটেড তোরাহ জুডায়িজম ও শাসের সমর্থন পেলে ৬১টি আসন নিয়ে সরকার গঠন করতে পারবে তার জোট।
এদিকে জরুরি ঐক্য সরকার গঠনের উদ্যোগের কথা আবারও জানিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সরকার গঠনের দায়িত্ব সম্পন্ন করতে চান। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়াকে গুরুতর ভুল হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ইরানে নতুন হামলার বিষয়ে সতর্কবার্তা
রাজনৈতিক চাপের মধ্যে নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক নেতৃত্ব এবং আইজেনকোটের আগ্রহ কম বলে জানা গেছে।
আইজেনকোট সতর্ক করে বলেছেন, অত্যন্ত জরুরি পরিস্থিতি তৈরি না হলে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করা উচিত হবে না।
শুক্রবারের পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। তবে ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে সপ্তাহের শুরুতে আইজেনকোট জানিয়েছিলেন, নেতানিয়াহুকে তার নেতৃত্বাধীন জোট সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি আগ্রহী। এমনকি নেতানিয়াহুর উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকেও জোটে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন গাদি আইজেনকোট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।





















