আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
- আপডেট সময় ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 11
বিশ্বজুড়ে আজ শনিবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানো, ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে মানুষকে জানানো এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য।
বর্তমানে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের একটি বড় অংশ জানেন না যে তাদের শরীরে এ রোগ বাসা বেঁধেছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, বিশ্বের ১৬০টির বেশি দেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এসব কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ শনাক্তকরণ এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
কেন ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস
১৪ নভেম্বর চিকিৎসাবিজ্ঞানী স্যার ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন। চার্লস বেস্টের সঙ্গে ১৯২২ সালে ইনসুলিন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিনের আবিষ্কারকে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে বিশ্ব ডায়াবেটিস দিবস চালু করে। পরে ২০০৬ সালে জাতিসংঘের ৬১/২২৫ নম্বর প্রস্তাবের মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের বিষয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিশ্বে ডায়াবেটিস পরিস্থিতি কতটা উদ্বেগজনক
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিস নিয়ে জীবনযাপন করছেন। আক্রান্তদের প্রতি চারজনের মধ্যে তিনজনের বসবাস নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।
ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে প্রায় চারজনই জানেন না যে তাদের এ রোগ রয়েছে। বিশ্বে প্রায় ২৫ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াবেটিস শনাক্ত হয়নি।
এ ছাড়া প্রায় ৬৩ কোটি ৫০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
এসব পরিসংখ্যান বলছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করাও জরুরি।
ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় বোঝা যায় না কেন
বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় মৃদু থাকে। এ কারণে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন বুঝতে পারেন না যে তার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। অনেক ক্ষেত্রে কিডনি, হৃদযন্ত্র, চোখ কিংবা স্নায়ুতে জটিলতা দেখা দেওয়ার পর রোগটি শনাক্ত হয়।
অন্যদিকে, টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রেও ভুল রোগ নির্ণয়ের আশঙ্কা থাকে। প্রাপ্তবয়স্কদের মধ্যে অনেক সময় টাইপ-১ ডায়াবেটিসকে টাইপ-২ হিসেবে শনাক্ত করা হয়। ফলে সঠিক চিকিৎসা শুরু করতে দেরি হতে পারে।
এ কারণে ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে ধারণা রাখা এবং প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতির অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে।
ডায়াবেটিস প্রতিরোধে কী করা জরুরি
টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুরু থেকেই সচেতন হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম, নির্দিষ্ট সময় পরপর স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি স্বাস্থ্যকর খাবার সহজলভ্য করা, শারীরিক কর্মকাণ্ডের উপযোগী নিরাপদ পরিবেশ তৈরি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
শুধু রোগ শনাক্ত করাই যথেষ্ট নয়, আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি। আইডিএফের তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও বেশি কোনো চিকিৎসা পাচ্ছেন না।
এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব দূর করাও গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। সময়মতো রোগ শনাক্ত ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে।

























