গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন
- আপডেট সময় ০১:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 17
গাজীপুর মহানগরীর মাঝিখোলা এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর মেট্রো থানার ওই এলাকায় নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন লাগানোর পেছনে নাশকতা থাকতে পারে বলে সন্দেহ করছে পরিবার। তবে আগুনের প্রকৃত কারণ বা এতে কারও সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধ ব্যক্তিরা হলেন ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তাঁর স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা (২৬) এবং তাঁদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাইয়ান প্রধান (৬)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্র জানায়, দগ্ধদের মধ্যে সাদিয়া বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। মহসিনের শরীরের ১ শতাংশ, সাইয়ানের ১২ শতাংশ এবং সোয়াদের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
প্রথমে তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে চারজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মহসিন প্রধানের ভাগনি সুমাইরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বসতঘরের জানালা দিয়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। তাঁর ভাষ্য অনুযায়ী, বাড়ির গেটসংলগ্ন ডাইনিং রুমের সোফায় আগুন জ্বলতে দেখে মহসিন পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু পানি দেওয়ার পরও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ কারণে আগুন লাগানোর ক্ষেত্রে গানপাউডারজাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পরিবার। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
দগ্ধ ব্যক্তিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























