দুর্ঘটনা
নয়াদিল্লি রেলস্টেশনে কুম্ভমেলায় যাওয়ার পথে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু
- আপডেট সময় ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 313
নয়াদিল্লি রেলস্টেশনে কুম্ভমেলায় যাত্রার জন্য ট্রেনে ওঠার সময় ভয়াবহ পদদলিত দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্লাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল। প্রয়াগরাজ এক্সপ্রেস ট্রেন দেরিতে আসায় অপেক্ষারত মানুষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় দুটি ট্রেন বাতিল হওয়ার গুজব ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত প্রয়াগরাজ এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন। হঠাৎ করেই ধাক্কাধাক্কির মধ্যে পড়ে কয়েকজন যাত্রী মাটিতে লুটিয়ে পড়েন এবং পদদলিত হন।
খবর পেয়ে দিল্লি পুলিশের রেলওয়ে ইউনিট ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মধ্যে ১১ জন নারী ও চারটি শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ২.৫ লাখ রুপি এবং সামান্য আহতদের ১ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, “নয়াদিল্লি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে প্রশাসন।”




















