খালের দুই পাড়ে গাছ লাগানোর নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর
- আপডেট সময় ০৬:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 28
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্ষা মৌসুম শুরুর আগে খাল পুনঃখনন কর্মসূচির অধিকাংশ কাজ শেষ হওয়ায় এখন বিভিন্ন স্থানে বৃষ্টির পানির প্রবাহে খালের দুই পাড়ের মাটি ধসে গেছে। এসব ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকির নির্দেশ দেন তিনি।
শুক্রবার (৩ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে পুনঃখনন করা একটি খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দৃশ্যমান প্রতিটি খালের দুই পাড়ে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। এতে খালের পাড়ের মাটি আরও শক্ত হবে, ভাঙন কমবে এবং পরিবেশের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
তিনি জানান, ভবানীগঞ্জ থেকে পুনঃখনন করা খালটির দৈর্ঘ্য প্রায় সোয়া ৬ কিলোমিটার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরান, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজাদ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।






















