মদের দোকানে ঢুকে মদ পান বানরের, এরপর যা ঘটল
- আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 21
ভারতের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়ে একটি বানর। পরে ঘুম থেকে উঠে দোকানে কিছুটা তাণ্ডবও চালায় প্রাণীটি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লক চৌক এলাকার একটি মদের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বানরটি দোকানে ঢোকার পর কর্মীরা তাকে বের করার চেষ্টা করেন। একপর্যায়ে এটি দোকানের একটি মদের বোতল নিয়ে পান করতে শুরু করে। মদ পান করার পর দোকানের মেঝেতেই শুয়ে পড়ে বানরটি।
এ দৃশ্য দেখতে দোকানের সামনে অনেক মানুষ জড়ো হন। পরে বানরটি ঘুম থেকে উঠে দোকানের ভেতরে কিছুটা তাণ্ডব চালায়। তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় এক কর্মীকে কামড় দেয় বলেও জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও বিরসা মুন্ডা জৈবিক উদ্যানের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। কয়েক দফা চেষ্টার পর বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।





















