সাত দিনের আগেই ইরানের প্রস্তাবে ট্রাম্পের জবাব
- আপডেট সময় ১১:৪২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 28
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাবের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের চূড়ান্ত অবস্থান এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আরাগচি।
তিনি বলেন, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে তেহরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের জানানো হয়েছিল। পরে মধ্যস্থতাকারীরা সেসব শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেন।
আরাগচি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্টের প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছেন। তবে মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনো চূড়ান্ত কোনো বার্তা পাওয়া যায়নি। সেই বার্তার অপেক্ষায় রয়েছে তেহরান। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অবস্থান জানায়নি বলে দাবি করেন তিনি।
ইরানের প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর কথা রয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা ইরানি সম্পদ ছাড়, ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বন্ধের দাবি জানিয়েছে তেহরান। এসব পদক্ষেপ নেওয়া হলে হরমুজ প্রণালি খুলে দিয়ে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে।
আরাগচি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই চলমান সংকটের সমাধান সম্ভব। চাপের মুখে ইরান তার অধিকার থেকে সরে আসবে না বলেও জানান তিনি।
তবে ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করা হয়েছে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের দেওয়া শর্তগুলো গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে শুক্রবার আরাগচি জানিয়েছিলেন, ইরানের শর্তগুলো পূরণ করা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য যুক্তরাষ্ট্রের যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো জুনে দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার স্মারকলিপিতেই উল্লেখ রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তখন আরাগচি বলেছিলেন, ‘এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে।’





















