লেবাননে ইসরায়েলি হামলা, দুই শিশুসহ নিহত ১১
- আপডেট সময় ০১:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 26
দক্ষিণ লেবাননে রাতভর ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর দক্ষিণ লেবাননের কাফর রেমান শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে দুই শিশুসহ নয়জন নিহত এবং পাঁচজন আহত হন।
একই শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর মিত্র আমাল আন্দোলনের রিসালা স্কাউটসের দুই প্যারামেডিক নিহত হন।
এ ছাড়া নাবাতিয়েহ, আরাব সালিম ও দেইর আল-জাহরানিতেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। দেইর আল-জাহরানিতে একটি ভবন হামলায় ধ্বংস হয়ে যায়। এর আগে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এ ঘটনায় আইডিএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল, এলবিসিআই























