মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- আপডেট সময় ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 10
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করেছিল।
মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে যায়। পরে এটি মাটিতে থাকা কয়েকটি যানবাহনে আঘাত করে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ধোঁয়া ও আগুন দেখা যায়।
খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। মায়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
উদ্ধারকারী দল দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছিল বলেও জানান মেয়র।
মায়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ বলেন, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।























