ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির আশঙ্কা
- আপডেট সময় ১০:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 22
ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধস, অবকাঠামোগত ক্ষতি এবং উদ্ধার অভিযান চলার খবর পাওয়া গেছে।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা মোরনের কাছে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এটি ছিল একটি ‘ডাবলেট’ ভূমিকম্প, যেখানে স্বল্প সময়ের ব্যবধানে একই অঞ্চলে দুটি বড় কম্পন অনুভূত হয়।
ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ও বিস্তৃত ক্ষয়ক্ষতি ঘটার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি হতে পারে এবং এক লাখের বেশি প্রাণহানির ঝুঁকিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ সংখ্যা সম্ভাব্য ঝুঁকির পূর্বাভাস; এখন পর্যন্ত সরকারি কোনো চূড়ান্ত হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।
ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত ও আংশিক ধসে পড়ার খবর পাওয়া গেছে। বহু মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ এবং হতাহতদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্থাপনায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।
ইউএসজিএস আরও জানিয়েছে, শক্তিশালী আফটারশক অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভূমিধস ও ভূমি তরলীকরণের ঝুঁকিও রয়েছে, যা ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে বিপদ সৃষ্টি করতে পারে।
ভূমিকম্পের পর ভেনেজুয়েলা ও আশপাশের কয়েকটি ক্যারিবীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে কিছু এলাকায় সেই সতর্কতা প্রত্যাহার করা হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিবেশী কলম্বিয়ার বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।.






















