বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
- আপডেট সময় ০৩:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 85
উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল বিয়ে করেছেন। লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন ইসরাত পায়েল। ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় তাকে। একই পোস্টে নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে পায়েল জানান, গত ৫ জুন আল আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। ঘনিষ্ঠ বন্ধু, বান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে পারিবারিক পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
ইসরাত পায়েলের জীবনসঙ্গী আল আমিন চৌধুরীর বাড়ি খুলনা জেলায়। পড়াশোনার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। উচ্চশিক্ষা শেষে লন্ডনে ব্যবসায় মনোনিবেশ করেন এবং সেখানে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে তিনি একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
বিয়ের খবর জানিয়ে ইসরাত পায়েল বলেন, বর্তমান সময়ে সুখের সঙ্গে টিকে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বামীর সঙ্গে সুখে-দুঃখে একসঙ্গে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আল আমিনকে বড় মনের ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করে পায়েল বলেন, তিনি সততার সঙ্গে ব্যবসা করে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন।
ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে উপস্থাপনা জগতের পরিচিত মুখ। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকের নজর কাড়েন।
এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করতে দেখা গেছে পায়েলকে। একাধিকবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি উপস্থাপনাকেই পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যান এই গ্ল্যামার কুইন।
অল্প বয়সেই উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেন ইসরাত পায়েল। বর্তমানে উপস্থাপনার পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে তার বিউটি সেলুন ব্যবসা রয়েছে। পাশাপাশি শিপিং খাতেও তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।
পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পর বর্তমানে লন্ডনে রয়েছেন নবদম্পতি। হানিমুনে কয়েকটি দেশ ভ্রমণ শেষে আগামী মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে পায়েলের। বিয়ের খবর প্রকাশের পর ভক্ত, অনুরাগী, স্বজন ও বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন নবদম্পতি।

























