জন্মদিনে নতুন ছবি’র ঘোষণা দিলেন পরীমনি
- আপডেট সময় ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 19
চিত্রনায়িকা পরীমনি নিজের জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমা ‘ফারজানা’র ঘোষণা দিয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। চলচ্চিত্রে আসার পর থেকে প্রতিবছর ধুমধাম করে জন্মদিন পালন করতেন পরী। ২০২৩ সালে নানা মারা যাওয়ার পর তিনি অনুষ্ঠান থেকে সরে আসেন। দুই বছর বিরতির পর এবার আবার জন্মদিনের আয়োজন করেন তিনি।
গত শনিবার জন্মদিনের ওই অনুষ্ঠানেই প্রকাশ করা হয় ‘ফারজানা’র পোস্টার। পরীমনি জানান, ছয় মাস আগে সিনেমার লুক ঠিক করা হয়েছিল এবং শুটিংয়ের বড় অংশ ইতিমধ্যে শেষ। এত দিন কাজটি গোপন রাখা হয়েছিল। পরী বলেন, নানা জটিলতায় কাজ শেষ হতে দেরি হচ্ছিল, তাই বিষয়টি জানানো হয়নি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিং শেষ হবে। নতুন সিনেমার ঘোষণার জন্য জন্মদিনের চেয়ে ভালো উপলক্ষ আর হতে পারে না বলেও মনে হয়েছে তাঁর।
জানা গেছে, একজন নারীর জীবনসংগ্রাম, মাতৃত্ব ও কঠিন বাস্তবতাকে ঘিরে ‘ফারজানা’র চিত্রনাট্য সাজানো হয়েছে। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তারেক রহমান। এর আগে তিনি একাধিক নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন, তবে এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তারেক রহমান বলেন, এটি মূলত একজন নারীর একাকী জীবনযুদ্ধের গল্প। জীবন অনেক সময় মানুষকে এমন পরীক্ষার মুখে ফেলে, যেখানে প্রতিটি দিনই নতুন লড়াইয়ে পরিণত হয়। আর সেই লড়াইয়ের কেন্দ্রে একজন নারী থাকলে তাঁর প্রতিটি অধ্যায়ের আড়ালে লুকিয়ে থাকতে পারে অজানা সত্য, না-বলা কথা ও গভীর আবেগ। তাঁর বিশ্বাস, এই সিনেমার মাধ্যমে দর্শক পরীমনিকে নতুন রূপে আবিষ্কার করবেন।
নির্মাতা জানান, সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন একজন নতুন মুখ। এ ছাড়া অভিনয় করছেন সুষমা সরকারসহ আরও অনেকে। সব কাজ শেষ করে আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বড় পর্দায় পরীমনির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফেলুবক্সী’। ২০২৫ সালের জানুয়ারিতে এই সিনেমা দিয়েই টালিউডে তাঁর অভিষেক হয়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’, যেটি সরকারি অনুদানে নির্মাণ করেছেন রেজা ঘটক। পাশাপাশি পরী চুক্তিবদ্ধ হয়েছেন সামছুল হুদার ‘গোলাপ’ ও লিসা গাজীর ‘শাস্তি’ সিনেমায়। ‘গোলাপ’-এ তাঁর নায়ক নিরব হোসেন, আর ‘শাস্তি’তে সহশিল্পী চঞ্চল চৌধুরী।

























