বসুন্ধরার বাসা থেকে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় ০৭:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 0
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিধির সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। পরিবারের দাবি, শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
ওসি বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে রিধির পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে রিধির সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, তা তদন্তের আওতায় রাখা হয়েছে।
মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।























