দর্শকদের অপেক্ষার অবসান, নতুন পর্ব নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’
- আপডেট সময় ০৪:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 21
জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই গুঞ্জনের অবসান ঘটেছে। নতুন পর্বের প্রচার বন্ধ থাকায় দর্শকদের মধ্যে তৈরি হওয়া জল্পনার পর এবার নতুন গল্প নিয়ে সিরিজটি ফিরছে বলে জানিয়েছে সনি ৮। শনিবার, ১৫ আগস্ট বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় নতুন পর্ব সম্প্রচারের ঘোষণা দিয়েছে চ্যানেলটি।
২০১৫ সালে সনি ৮-এ ‘গোপাল ভাঁড়’-এর প্রচার শুরু হয়। হাস্যরস, মজার সংলাপ ও বুদ্ধিদীপ্ত নানা কাণ্ডকারখানার মাধ্যমে অ্যানিমেশন সিরিজটি দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে।
তবে সিরিজটির গল্প শুধু হাস্যরসেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন পর্বে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তাও তুলে ধরা হয়। প্রতিটি গল্পেই গোপালকে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের বিভিন্ন জটিল পরিস্থিতির সমাধান করতে দেখা যায়।
কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখায় গোপাল। এসব গল্প ও চরিত্রের কারণে ভারতের পাশাপাশি বাংলাদেশেও সিরিজটির দীর্ঘদিনের জনপ্রিয়তা রয়েছে।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর দর্শকসংখ্যা উল্লেখযোগ্য। তবে গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্বের সম্প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব প্রকাশ না হওয়ায় দর্শকদের মধ্যে সিরিজটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়।
সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি দৃশ্যকে কেন্দ্র করে। ওই দৃশ্যে মৃত্যুশয্যায় থাকা গোপালের পাশে তাঁর স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কান্না করতে দেখা যায়। এরপর থেকেই সিরিজটির সমাপ্তি নিয়ে আলোচনা শুরু হয়।
পরে জানা যায়, ভাইরাল হওয়া ওই দৃশ্যটি ‘গোপাল ভাঁড়’-এর পুরোনো একটি পর্বের অংশ। তবে নতুন পর্ব প্রচার বন্ধ থাকা এবং এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের নীরবতার কারণে সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন থামেনি।
শেষ পর্যন্ত নতুন পোস্টার প্রকাশ করে সেই জল্পনার অবসান ঘটিয়েছে সনি ৮। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়নি। নতুন গল্প নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।
























