আজ সারাদেশে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ
- আপডেট সময় ১০:৩৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 22
বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের জন্য বুধবার, ১ জুলাই দেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রাখতে জেট ফুয়েল সরবরাহ অব্যাহত রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসি সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রতি বছরের মতো বিপিসির আওতাধীন রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও আঞ্চলিক ডিপোতে জ্বালানি তেলের ‘বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই’ (অ্যানুয়াল ক্লোজিং ও ফিজিক্যাল ভেরিফিকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই নির্ধারণ করা হয়েছে। এ কারণে দিনভর সাধারণ জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়, বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব আঞ্চলিক ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনায় সাধারণ জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিমান চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য জেটএ-১ (Jet A-1) বিমান জ্বালানির সরবরাহ সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিপোগুলোকে জেট ফুয়েলের মজুত ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাচাই কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য জেট ফুয়েল সরবরাহ পুনরায় চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।























