দুই মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, তদন্তে পুলিশ
- আপডেট সময় ০২:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 24
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ ও সন্দেহজনক পরিত্যক্ত বস্তু পাওয়া গেছে। শনিবার (১ আগস্ট) এ ঘটনার পর পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
শনিবার (১ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে দুই স্টেশনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বিশেষায়িত ইউনিটকে তল্লাশি ও উদ্ধার কার্যক্রমে যুক্ত করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফারজিনা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিরপুর-১০ স্টেশনে বোমা রাখা হয়েছে—এমন সন্দেহের পাশাপাশি একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়। ব্যস্ততম এই দুই এলাকায় সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। নিরাপত্তার স্বার্থে স্টেশনসংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিশেষজ্ঞ দল বস্তুগুলো পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে সেগুলো আসলে কী। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এর আগে ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ‘ছাতা বোমা’র সন্ধান পাওয়া গিয়েছিল। সে সময় বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করলেও একজন পথচারী আহত হন। সাম্প্রতিক এ ঘটনার পর রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





















