বিচার বহির্ভূত হ/ত্যা প্রায় শূন্যের কোঠায় নেমেছে: আইনমন্ত্রী
- আপডেট সময় ০৭:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 2
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের কোনো রিপোর্টেড ঘটনা সামনে এলে সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রবেশাধিকার’ শীর্ষক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। গুমের একটি রিপোর্টেড ঘটনা পাওয়ার পর সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স দেখানোর জন্য তিনি অভ্যন্তরীণভাবে নির্দেশনা দিয়েছেন বলেও জানান।
তিনি বলেন, একজন বিচারক যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন, তাহলে বিচার বিভাগ মুখ থুবড়ে পড়ে। তবে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তি বিচারক হিসেবে নিয়োগ পেলে স্বাধীন ও প্রত্যাশিত বিচার বিভাগ গড়ে তোলা সম্ভব।
রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলা প্রত্যাহারে সরকার নিরলসভাবে কাজ করছে এবং বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধাপে ধাপে বিভিন্ন সংস্কার এগিয়ে নেওয়া হবে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন।

























