আবারও আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- আপডেট সময় ০৪:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 19
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও দায়িত্ব পালনরত এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন আবারও খারিজ করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৪ অক্টোবরও একই মামলায় তাঁর জামিন আবেদন খারিজ হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজ ও ট্রলি পেতে বিলম্ব এবং জমজমের পানি সংগ্রহ নিয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।
মামলার পরদিন, ২ অক্টোবর বিমানবন্দর এলাকা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে গত ৪ অক্টোবর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সোমবার একই মামলায় পুনরায় জামিন আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেন। ফলে এ মামলায় তাঁর জামিন পাওয়ার আবেদন আবারও প্রত্যাখ্যাত হলো।

























