ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩
- আপডেট সময় ১১:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 27
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল রানা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে, একটি মোটরসাইকেল ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী বকুল ও সোহেল রানা নিহত হন। গুরুতর আহত জিয়াউল হককে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।
























