মধুপুরে ঝড়ে ৮০ হেক্টর ফসলের বাগান ক্ষতিগ্রস্ত
- আপডেট সময় ০১:৪০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 24
টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় প্রবল বাতাসের সঙ্গে ঝড় শুরু হলে প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস, অন্যান্য ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ের তীব্রতায় অনেক এলাকার কলাগাছ ভেঙে মাটিতে পড়ে যায়। কোথাও আবার গাছ উপড়ে গেছে। একই সঙ্গে আনারস ও পেঁপের বাগান এবং বিভিন্ন সবজির জমিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মধুপুর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, প্রাথমিকভাবে শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছা এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির বিভিন্ন ফসলের বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।
কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে শ্রম, অর্থ ও পরিচর্যার পর এসব বাগানের ফসল ঘরে তোলার সময় প্রায় চলে এসেছিল। অনেকেই ধারদেনা ও নিজেদের সঞ্চয়ের অর্থ ব্যয় করে কলা, আনারস ও পেঁপে চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ ঝড়ে মুহূর্তেই তাদের সেই বিনিয়োগ বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তৈরির পাশাপাশি সরকারি সহায়তা চেয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পুনরায় চাষাবাদে সহযোগিতা এবং কৃষি বিভাগের প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, দুপুরের আকস্মিক ঝড়ে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় সব এলাকা পরিদর্শন করা সম্ভব হয়নি। আগামীকাল সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হবে।






















