কাপ্তাইয়ে সংরক্ষিত বনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
- আপডেট সময় ১২:৪৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 24
রাঙামাটির কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অনুমতি ছাড়া প্রবেশ ও চলাচল বন্ধে ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর বাসস্থান সুরক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা-সংবলিত বিলবোর্ড বসিয়েছে।
সম্প্রতি কাপ্তাইয়ের পাহাড় ও বনাঞ্চলে ভ্রমণে এসে দুর্ঘটনার কবলে পড়া কিংবা পথ হারিয়ে বিপদে পড়ার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটেই সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ।
কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট কর্মকর্তা মোহাম্মদ মিঠু তালুকদার বলেন, অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে ঢোকার কারণে সম্প্রতি একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি পথে পর্যটকরা দিক হারিয়ে ফেলছেন, ফলে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অভিযান চালাতে হচ্ছে।
তিনি আরও বলেন, সংরক্ষিত এলাকার নিরাপত্তা, বন্যপ্রাণীর আবাসস্থল সুরক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা বন বিভাগের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যেই সংরক্ষিত এলাকায় অবাধ প্রবেশ ও যাতায়াত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুধু শীত মৌসুমেই নয়, সাম্প্রতিক সময়েও পাহাড় ও বনাঞ্চলের দুর্গম অংশে ট্রেকিং করতে গিয়ে কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপাকে পড়েছেন। অনেক পর্যটক বন বিভাগের নির্ধারিত নিয়ম না মেনে সংরক্ষিত এলাকার ভেতরে প্রবেশ করছেন। এতে একদিকে তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, অন্যদিকে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম শহর থেকে কাপ্তাইয়ে বেড়াতে আসা সাদিজ শাহরিয়ার সানম (২৪) কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে মারা যান। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
এর আগে গত ২৯ আগস্ট সংরক্ষিত বনাঞ্চলের সীতার পাহাড়ে বেড়াতে গিয়ে চার পর্যটক সন্ধ্যার দিকে পথ হারান। পাহাড় থেকে নিচে নামার সময় তাঁদের কয়েকজন গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
বন বিভাগের পক্ষ থেকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের সময় সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত বিধিনিষেধ মেনে চলার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।











