কারাগার থেকে বেরোনোর দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় ০৩:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারগার থেকে বের হবার দেড় ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন মো. ইমন নামে ৩৯ বছর বয়সী এক যুবক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। সে পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতের বাবা সাংবাদিকদের বলেন, তার ছেলে একটি মাদক মামলায় কারাগারে ছিল। জামিনে সোমবার রাত সাড়ে ৭টার বের হয়ে বাড়ির দিকে আসেন। কিছুক্ষণ পর মোবাইলে কল পেয়ে বেরিয়ে যান ইমন। আমার ছেলের সাথে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। ওরাই তারে ফাঁসাইয়া ব়্যাবের হাতে ধরাইয়া দিছিলো। ওরাই ডাইকা নিয়ে কোপাইয়া মারছে’, অভিযোগ করেন ওমর খৈয়াম। হামলাকারীদের মধ্যে একজনও সোমবার জামিনে কারাগার থেকে বেরিয়েছেন বলে জানান নিহতের বাবা।
ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান বলেন, আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত করছি। পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে খুন করেছে যুবককে। নিহত যুবক ঘণ্টা দেড়েক আগে জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এবং অভিযুক্ত কয়েকজনকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

























