ককটেল তৈরির সময় বিস্ফোরণ, চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ কৃষক লীগ কর্মীর মৃত্যু
- আপডেট সময় ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 16
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টোমাস আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রের দাবি, নিহত টোমাস কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের একজন কর্মী ছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী চৌকা মাঠ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত টোমাস আলী বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মর্তুজা আলীর ছেলে। বিস্ফোরণে আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বুধবার দুপুরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকায় ককটেল তৈরির কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই টোমাস আলীর মৃত্যু হয়। তাঁর পাশে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
























