বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্পের
- আপডেট সময় ০৫:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 14
বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে পরিচালিত তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার বিকেলেই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে। নতুন শুল্ক কার্যকর হলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে আরোপিত শুল্কের সঙ্গে তা যুক্ত হবে।
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কিছু শুল্ক বাতিল করেছিলেন। নতুন প্রস্তাবিত শুল্কের একটি অংশ ওই বাতিল হওয়া শুল্কের বিকল্প হিসেবে কার্যকর হতে পারে।
প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।
দেশভেদে আলাদা শুল্কহার
নতুন শুল্কের হার কত হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চালিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)।
ওই সূত্রের ধারণা, চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কের সর্বোচ্চ সীমা বজায় রাখবে হোয়াইট হাউস। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।
১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতি বাড়ানো হলে চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের ২০ শতাংশ সীমাও বজায় রাখা হতে পারে। তবে বাণিজ্য বিরতির মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে শুল্কহার আরও বাড়তে পারে।
প্রস্তাবিত শুল্ক নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও হোয়াইট হাউস।
বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস জানিয়েছেন, তিনি এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা করছেন। সেখানে ১৬টি বাণিজ্য অংশীদারের প্রতিটির জন্য আলাদা শুল্কসংক্রান্ত ব্যবস্থা প্রস্তাব করা হতে পারে।
আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদারের মতে, বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বলভাবে প্রয়োগের অভিযোগে পৃথক তদন্তের ভিত্তিতে আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে।
তবে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে সংশ্লিষ্ট দেশগুলো কার্যকর পদক্ষেপ নিলে শুল্কহার কম রাখার প্রস্তাবও আসতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে শুল্কহার ধাপে ধাপে বাড়ানোর শর্ত (এস্কেলেশন ক্লজ) রাখা হতে পারে বলে জানান মাজেরাস।
তদন্তের আওতায় যেসব দেশ
অতিরিক্ত শিল্প সক্ষমতা নিয়ে মার্কিন তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
গত মার্চে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় অতিরিক্ত শিল্প সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বল বা শিথিলভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আরেকটি তদন্ত শুরু হয়।
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর নতুন করে শুল্কব্যবস্থা সাজানোর উদ্যোগের অংশ হিসেবে এসব তদন্ত করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের মতে, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস চীন। দেশটির উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যসহ বিভিন্ন পণ্যে বিশ্ববাজার সয়লাব হচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, তাদের রপ্তানি সক্ষমতা প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যবস্থার প্রতিফলন।
তদন্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য উৎপাদন এবং আগের মার্কিন শুল্ক এড়ানোর বিষয়টি তদন্তের আওতায় এসেছে।
১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতির আওতায় চীনা পণ্যের ওপর শুল্কের সর্বোচ্চ সীমা ২০ শতাংশে রাখা হয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শ্রমবিরোধী শুল্ক আরোপ করেছে। ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর জন্য আরও ৭ দশমিক ৫ শতাংশ জায়গা রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত পণ্যের আমদানিতে শুল্ক কমানোর বিষয়েও আলোচনা করছে।
























