সুপারমুনকে ১৪ শতাংশ পর্যন্ত বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে
- আপডেট সময় ১২:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 17
বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ ‘বিভার সুপারমুন’ দেখা যাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের আকাশে। সূর্যাস্তের পর থেকেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। পূর্ণিমার চাঁদটি রাত ৮টা ৫৩ মিনিটে পূর্ণতম রূপ ধারণ করবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এলে, সেই সময় পূর্ণিমা হলে সুপারমুন দেখা যায়। চাঁদের পৃথিবীর সবচেয়ে কাছের এই অবস্থানকে বলা হয় পেরিজি।
নাসা জানিয়েছে, বছরের অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় এবারের বিভার সুপারমুনকে ১৪ শতাংশ পর্যন্ত বড় এবং ৩০ শতাংশ পর্যন্ত বেশি উজ্জ্বল দেখাতে পারে।
এবারের পূর্ণিমার চাঁদের কাছাকাছি আকাশে দেখা যাবে প্লেইয়াডিস নক্ষত্রগুচ্ছও। ‘সাত বোন’ নামে পরিচিত এই তারাগুচ্ছ রাতের আকাশের অন্যতম পরিচিত জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য।
নভেম্বরের বিভার সুপারমুনের পরও আগামী কয়েক মাসে আরও তিনটি সুপারমুন দেখার সুযোগ থাকবে। সেগুলো দেখা যাবে যথাক্রমে ২৪ ডিসেম্বর, ২২ জানুয়ারি ও ২০ ফেব্রুয়ারি।
মঙ্গলবার সূর্যাস্তের পর থেকেই আকাশে বিভার মুন দেখা যাবে। তবে পূর্ণিমার চাঁদটি সবচেয়ে পূর্ণ অবস্থায় পৌঁছাবে রাত ৮টা ৫৩ মিনিটে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের আকাশপ্রেমীরা সন্ধ্যা ও রাতে এ দৃশ্য উপভোগ করতে পারবেন।

























