ইরানে আবারও হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প
- আপডেট সময় ১১:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 4
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা সফল না হলে নতুন বছরের পর দেশটিতে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত আশানুরূপ অগ্রগতি হয়নি। এ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে ইরানি আলোচকদের কটাক্ষ করেন তিনি। তাঁদের ‘পেশাদার কথার জাদুকর’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিরা শুধু কথা বলতেই ব্যস্ত থাকেন, কিন্তু তাঁদের কথার বাস্তব কোনো মূল্য নেই।
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর থাকলেও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
অবরোধ ভেঙে ইরানি জাহাজ চলাচলের চেষ্টা করতে পারে—এমন খবরের বিষয়ে জানতে চাইলে কঠোর অবস্থানের কথা জানান ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ইরানি জাহাজ অবরোধ অমান্য করে পার হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে এবং ডুবিয়ে দেওয়া হবে। এ ধরনের জাহাজের বিরুদ্ধে মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও জানান তিনি।
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে সরকারবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে বিক্ষোভের ভিডিও দেখার পর ট্রাম্প আন্দোলনকারীদের প্রতি এই আহ্বান জানান।
হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই তাঁর এই বক্তব্য সামনে এসেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
পরবর্তী সময়ে গত জুনে সংঘাত নিরসনের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে দুই পক্ষের মতপার্থক্য দেখা দিলে আলোচনা বাধাগ্রস্ত হয়।
যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা চলমান থাকলেও গত জুলাই থেকে দুই দেশের মধ্যে বিরতি দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
























