সুরা ফাতহে রয়েছে মক্কা বিজয়ের সুসংবাদ
- আপডেট সময় ০২:২২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 34
পবিত্র কোরআনের ৪৮তম সুরা ‘আল-ফাতহ’। মদিনায় অবতীর্ণ এ সুরায় মোট ২৯টি আয়াত ও চারটি রুকু রয়েছে। ‘ফাতহ’ শব্দের অর্থ বিজয়। হুদায়বিয়ার সন্ধির প্রেক্ষাপটে অবতীর্ণ এ সুরায় মুসলমানদের জন্য মক্কা বিজয়ের সুসংবাদ, জান্নাতের প্রতিশ্রুতি এবং আল্লাহর সন্তুষ্টির কথা তুলে ধরা হয়েছে।
ষষ্ঠ হিজরিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রায় ১ হাজার ৪০০ সাহাবিকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা করেন। তবে মক্কার কুরাইশরা তাঁদের প্রবেশে বাধা দেয়। পরে মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধিচুক্তি হয়। চুক্তি অনুযায়ী, সে বছর ওমরাহ না করেই মুসলমানরা মদিনায় ফিরে যান। পরবর্তী সময়ে চুক্তি ভঙ্গের পর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের মধ্য দিয়ে সেই সুসংবাদের বাস্তবায়ন ঘটে।
সুরা ফাতহে মহানবী (সা.)-এর সাহাবিদের প্রশংসা করা হয়েছে। তাঁদের মধ্যে পারস্পরিক সহানুভূতি, ইবাদতে একনিষ্ঠতা এবং সত্যের পথে অবিচল থাকার গুণাবলির উল্লেখ রয়েছে। পাশাপাশি মুমিন নারী-পুরুষের জন্য ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি এবং কাফির ও মুনাফিকদের জন্য শাস্তির কথা বলা হয়েছে।
এ সুরায় হুদায়বিয়ার সন্ধির সময় মহানবী (সা.)-এর সঙ্গে থাকা সাহাবিদের প্রতি আল্লাহর সন্তুষ্টি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে খায়বার বিজয়ের সুসংবাদ এবং ইসলামের বিজয় ও বিস্তারের বিষয়ও তুলে ধরা হয়েছে।
বুখারি ও তিরমিজিতে হজরত উমর ইবনে খাত্তাব (রা.)-এর বর্ণনায় এসেছে, মহানবী (সা.) একদিন সাহাবিদের জানান, তাঁর ওপর এমন একটি সুরা অবতীর্ণ হয়েছে, যা দুনিয়া এবং এর মধ্যে থাকা সবকিছুর চেয়েও তাঁর কাছে বেশি প্রিয়। এরপর তিনি সুরা ফাতহের কয়েকটি আয়াত তিলাওয়াত করেন।
হজরত উমর (রা.)-এর বর্ণনায় আরও জানা যায়, মহানবী (সা.) স্বপ্নে দেখেছিলেন, তিনি সাহাবিদের নিয়ে মক্কায় প্রবেশ করছেন এবং পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন। তিনি সাহাবিদের কাছে স্বপ্নের কথা জানালে তাঁরা আনন্দিত হন। কারণ, তাঁরা বিশ্বাস করতেন, নবীদের স্বপ্ন সত্য হয়ে থাকে।
পরবর্তী সময়ে ওমরাহর উদ্দেশ্যে যাত্রার সময় মক্কাবাসীদের বাধার মুখে হুদায়বিয়ায় অবস্থান নেন মহানবী (সা.)। পরিস্থিতি জানতে তিনি হজরত উসমান (রা.)-কে দূত হিসেবে মক্কায় পাঠান। একপর্যায়ে তাঁর শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়লে মহানবী (সা.) সাহাবিদের কাছ থেকে জীবন উৎসর্গের শপথ বা বাইয়াত গ্রহণ করেন। পরে উসমান (রা.)-এর নিহত হওয়ার খবরটি ভুল প্রমাণিত হয়।
এরপর কুরাইশদের সঙ্গে আলোচনা শুরু হয়। তাঁদের পক্ষে সুহাইল ইবনে আমর আলোচনায় অংশ নেন। উভয় পক্ষের আলোচনার পর যে চুক্তি সম্পাদিত হয়, তা ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত।
সুরা ফাতহের শেষাংশে সাহাবিদের কয়েকটি বৈশিষ্ট্যও বর্ণনা করা হয়েছে। তাঁরা অবিশ্বাসীদের বিরুদ্ধে দৃঢ় এবং নিজেদের মধ্যে সহানুভূতিশীল। তাঁরা নিয়মিত রুকু-সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়োজিত থাকেন। তাঁদের চেহারায় ইবাদতের প্রভাব ফুটে ওঠে। তাঁদের উদাহরণ দেওয়া হয়েছে এমন একটি চারাগাছের সঙ্গে, যা ধীরে ধীরে বেড়ে শক্ত কাণ্ডে পরিণত হয় এবং কৃষকের মনে আনন্দ জাগায়।


























