আজ আনফ্রেন্ড দিবস, আপনার তালিকায় কে কে?
- আপডেট সময় ০৪:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 27
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু তালিকা থেকে অপরিচিত বা অপছন্দের মানুষদের বাদ দেওয়ার দিন হিসেবে পরিচিত আনফ্রেন্ড দিবস পালিত হচ্ছে মঙ্গলবার (১৭ নভেম্বর)। ২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা ‘বন্ধু ছাঁটাই করার দিন’ প্রচলন করেন। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়াই ছিল দিনটি প্রচলনের উদ্দেশ্য।
ব্যস্ত জীবনে বাস্তবে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পরিচিত-অপরিচিত অনেকের সঙ্গেই সহজে বন্ধুত্ব হয়ে যায়। এ তালিকায় অনেক বিরক্তিকর ও অপছন্দের মানুষও যুক্ত থাকেন। কাজের ব্যস্ততা, আলসেমি বা চক্ষুলজ্জাসহ নানা কারণে তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়ে ওঠে না। আনফ্রেন্ড দিবসে সেই সুযোগ কাজে লাগানো যেতে পারে।
ফেসবুকের বন্ধু তালিকায় অনেক মানুষের নাম জমে যায়, কিন্তু তাঁদের সবাইকে চেনা থাকে না। অনেকের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন, কখন বন্ধুত্ব হয়েছিল কিংবা আদৌ কখনো পরিচয় হয়েছিল কি না, সে প্রশ্নের উত্তরও অজানা থাকে। এ অবস্থায় অপ্রয়োজনীয় এসব সম্পর্ক থেকে বেরিয়ে এসে বন্ধু তালিকা গুছিয়ে নেওয়ার একটি উপলক্ষ হতে পারে এ দিনটি।
একসময় বন্ধুত্ব বলতে এমন সম্পর্ক বোঝাত, যেখানে আন্তরিকতা, বিশ্বাস ও ব্যক্তিগত পরিচয় জড়িয়ে থাকত। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারে সেই ধারণায় পরিবর্তন এসেছে। এখন সামনাসামনি কখনো দেখা হয়নি, এমন মানুষের সঙ্গেও অনলাইনে বন্ধুত্ব গড়ে উঠছে। বন্ধু তালিকা থেকে কাউকে বাদ দেওয়ার জন্যও তৈরি হয়েছে আলাদা পরিভাষা ‘আনফ্রেন্ড’।
বন্ধু শব্দটি শত বছর ধরে প্রচলিত হলেও ‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে পরিচয় ঘটেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। এর সংজ্ঞা হলো ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া।
বিশ্বের অনেক দেশেই আনন্দের সঙ্গে দিবসটি পালন করা হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ দিন নিয়ে নানা স্ট্যাটাস ও লেখালেখি চোখে পড়ে। যেমন যাঁরা বারবার টাকা ধার চান কিন্তু ফেরত দেন না, যাঁরা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন, কিংবা যাঁদের প্রতিটি পোস্টেই কোনো না কোনো অভিযোগ থাকে, তাঁদের নিয়ে মজার ছলে নানা মন্তব্য দেখা যায়।
তবে আনফ্রেন্ড ডে কেবল অচেনা মানুষদের বিদায় জানানোর দিন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়ে ভাবার সুযোগও। ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে গিয়ে কাছের মানুষদের সময় দেওয়া হচ্ছে কি না, কিংবা পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে জায়গাটি উপভোগ করার চেয়ে ছবি তুলে পোস্ট করতেই বেশি ব্যস্ত থাকা হচ্ছে কি না, সে বিষয়ে ভাবার সুযোগ আছে। কারণ প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটানোর মুহূর্তগুলো যদি ছবি তোলা আর পোস্ট করার ব্যস্ততায় হারিয়ে যায়, তাহলে তা ভাবনার বিষয়।
তাই এ দিনে চাইলে নিজের ভার্চুয়াল বন্ধু তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। যাঁদের সঙ্গে যোগাযোগ নেই, কিংবা যাঁদের উপস্থিতি কেবল বিরক্তির কারণ, তাঁদের বিদায় জানানোর সুযোগ তো আছেই। তবে মনে রাখা দরকার, আনফ্রেন্ড করলেই শত্রুতা নয়। কখনো কখনো নিজের ব্যক্তিগত পরিসর ও মানসিক স্বস্তি রক্ষার জন্যও কিছু দূরত্ব প্রয়োজন।

























