পোশাক খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: শামা ওবায়েদ
- আপডেট সময় ০৫:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 28
তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল ও অস্থির করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর অভিযোগ, পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠে দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, গত ১৭ বছরে তারা দেশের সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন সেই পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে, ঠিক সেই সময় ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
পোশাক শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার বিষয়ে সরকার আলোচনা করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার।



















