গোপালগঞ্জে পরিস্থিতির তুলনায় বলপ্রয়োগ যেন বেশি না হয়: উপদেষ্টা
- আপডেট সময় ০১:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 42
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি অনুযায়ী বলপ্রয়োগের নির্দেশনা দিয়েছে সরকার। তবে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, পুলিশ বলপ্রয়োগ করতে পারে এবং আইন অনুযায়ী তাদের সেই অধিকার রয়েছে। তবে বলপ্রয়োগের মাত্রা যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি নিশ্চিত করতে হবে। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
তিনি আরও বলেন, যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন পরিস্থিতি বিবেচনায় আনুপাতিক হারে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে মনে করেন তিনি।
সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, যাঁদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করা হবে। গতকাল থেকেই সেখানে যৌথবাহিনী কাজ করছে। জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সরকার সহ্য করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। প্রত্যাহার মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়।



















