ব্রাজিলের বিশ্বকাপজয়ী দিনো সানি আর নেই
- আপডেট সময় ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 38
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি ও ১৯৫৮ সালের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য দিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
দিনো সানি ব্রাজিল জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন চারটি। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এ ছাড়া ১৯৫৮ সালের ওসওয়ালদো ক্রুজ কাপ, ১৯৫৯ সালের বার্নার্দো ও’হিগিন্স কাপ এবং ১৯৬০ সালের রোকা কাপ জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর।
বিশ্বকাপে কোচ ভিসেন্তে ফেওলার অধীনে অস্ট্রিয়ার বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে খেলেছিলেন সানি। তবে পেশির চোটের কারণে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে আর মাঠে নামা হয়নি তাঁর। পরে তাঁর জায়গায় দলে সুযোগ পান জিতো।
সানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আমাদের প্রথম বিশ্বচ্যাম্পিয়নদের একজনকে হারালাম। ১৯৫৮ সালে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে গেছেন দিনো সানি। আমরেলিনহার ইতিহাসের মহানদের মধ্যে তাঁর নাম চিরকাল লেখা থাকবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও শোকবার্তা দিয়েছে সিবিএফ। সেখানে বলা হয়, ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের অবদান ও অর্জন ব্রাজিলের ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে।
১৯৩২ সালের ২৩ মে সাও পাওলোতে ইতালীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম দিনো সানির। ১৯৫০ সালে পালমেইরাসের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন তিনি। পরে এক্সভি দে জাউ ও কোমের্শিয়াল-এসপিতে খেলার পর ১৯৫৪ সালে যোগ দেন সাও পাওলোতে। ক্লাবটির হয়ে ৩২৪ ম্যাচে ১১৩ গোল করেন এই মিডফিল্ডার। ১৯৫৭ সালে জেতেন রাজ্য লিগের শিরোপা।
১৯৬০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলার পর ইতালির এসি মিলানে যোগ দেন সানি। ক্লাবটির হয়ে ১৯৬১-৬২ মৌসুমে সিরি আ এবং ১৯৬২-৬৩ মৌসুমে ইউরোপিয়ান কাপ জেতেন তিনি। পরে করিন্থিয়ান্সের হয়ে ১৯৬৬ সালে রিও-সাও পাওলো টুর্নামেন্টের শিরোপা জেতেন।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন সানি। করিন্থিয়ান্স, ইন্টারন্যাসিওনাল, পালমেইরাস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সে, কোরিতিবা, গোইয়াস ও পন্তে প্রেতাসহ বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করেন। উরুগুয়ের পেনারোলকে ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার লিগ শিরোপাও এনে দেন। এ ছাড়া বোকা জুনিয়র্স, কাতার জাতীয় দল ও গ্রেমিওর কোচ ছিলেন তিনি। ১৯৯২ সালে গ্রেমিওর দায়িত্ব ছাড়ার মধ্য দিয়ে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন এই কিংবদন্তি।


























