ছিটকে গেলেন সাদমান, সাথে দুঃসংবাদ
- আপডেট সময় ০৩:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 27
গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালি মচকে ফেলেন সাদমান। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেই চোটই এবার তাঁকে সফর থেকে ছিটকে দিয়েছে।
নির্বাচক প্যানেলের একজন সদস্য ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমি যতটুকু জানি, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। হাড়ে ফাটল থাকার সম্ভাবনাও আছে।’
সাদমানের চোটের কারণে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশকে। এখন দ্বিতীয় ইনিংসেও একজন ব্যাটার কম নিয়েই খেলতে হবে দলটিকে।
সাদমানের পরিবর্তে কে আসছেন, সে খবরও পাওয়া গেছে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের ফর্মে থাকা ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে টেস্ট দলে নেওয়া প্রায় নিশ্চিত। রবিন এখন সিলেটেই টেস্ট দলের সঙ্গে আছেন। জাতীয় দলের কোচদের সঙ্গে তিনি নেটে কঠোর অনুশীলন করছেন।
বাংলাদেশ দল ১০ নভেম্বর ঢাকা ছাড়বে। দক্ষিণ আফ্রিকায় তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। প্রথম টেস্ট হবে ১৫ থেকে ১৯ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে ২৩ থেকে ২৭ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে।

























