খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি
- আপডেট সময় ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 18
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। একই দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টারও দেখা গেছে। কে বা কারা এ কাজ করেছে, তা জানা যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি আঁকা হয়। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি স্থান পায়। এসব ছবির মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও ছিল।
শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢাকা। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। ইতিহাস ও সংস্কৃতির স্মারক হিসেবে আঁকা একটি প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় ক্ষোভ জানান স্থানীয়রা।
এ বিষয়ে খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি।






















