২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬
- আপডেট সময় ০৬:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 26
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটে।
এ সময়ে নতুন আক্রান্তসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে।
এর আগে গত রোববার, সোমবার ও মঙ্গলবারও ডেঙ্গুতে ছয়জন করে মারা যান।
মাসভিত্তিক হিসাবে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে। সদ্য শেষ হওয়া ওই মাসে এডিস মশাবাহিত রোগটিতে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এর আগে সেপ্টেম্বরে মৃত্যু হয়েছিল ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
























