আবু সাঈদের আত্মত্যাগ আন্দোলনে টার্নিং পয়েন্ট: ত্রাণমন্ত্রী
- আপডেট সময় ০৯:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 26
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। তাঁর আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের মধ্যে তাঁকে বাঁচিয়ে রাখবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজ উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে তরুণ, যুবক, বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী সরকারের পতন ঘটে। পরে সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।
মন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে গেটটি নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আসা মানুষ এবং ওই পথ দিয়ে চলাচলকারীরা গেটটি দেখে আবু সাঈদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবেন।
তিনি আরও বলেন, আবু সাঈদসহ জুলাই আন্দোলনে যাঁরা আত্মদান করেছেন, তাঁদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে। বিএনপি সমাজের সব স্তরের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।






















