আশুলিয়ায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গোডাউনের আগুন
- আপডেট সময় ০৩:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 21
ঢাকার সাভারের আশুলিয়ায় জুট ও তুলার গোডাউনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আগুনের বিস্তার পাশের কয়েকটি বাড়িতেও পৌঁছায়। বাড়িগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামগড়ার একটি গোডাউনে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। গোডাউনে মজুত থাকা তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একপর্যায়ে আগুন পাশের জুটের গোডাউন ও আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে মোট ১০টি গোডাউন পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

























