পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়: হুমায়ূন কবির
- আপডেট সময় ০১:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 16
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন এবং দেশের মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করবে বাংলাদেশ। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘রিথিংক ওয়াটার ফিউচার, ইয়ুথ লিডারশিপ, জাস্টিস অ্যান্ড কো-অপারেশন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
হুমায়ূন কবির বলেন, খাদ্য ও মানব নিরাপত্তার সঙ্গে আন্তর্জাতিক পানি আইন, নদী ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত পানির ন্যায্য বণ্টনের সরাসরি সম্পর্ক রয়েছে। এ কারণে পানি ব্যবস্থাপনায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, ভবিষ্যৎ পানি কূটনীতি, ন্যায়বিচার ও মানব নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি পানি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা ভারত-বাংলাদেশের আলোচনায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বার্থের বিষয় হিসেবে থাকবে।
সভায় পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী সংরক্ষণ এবং আন্তঃসীমান্ত পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে তরুণদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।





















