নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও যুবক
- আপডেট সময় ০১:৩০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 32
ভারত যাওয়ার পথে নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে এক যুবক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ব্যাগে অ্যাপল ব্র্যান্ডের ল্যাপটপ, ক্যামেরা, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী ছিল। ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ২৪ বছর বয়সী পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার।
বুধবার রাতে হারানো ব্যাগ উদ্ধারের আশায় নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেন ক্রিল। এর আগে ব্যাগ হারানোর বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।
ক্রিলের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন পর্যটনস্থল ঘুরে দেখার উদ্দেশ্যে সম্প্রতি তিনি বাংলাদেশে আসেন। বুধবার দুপুর পর্যন্ত তিনি বগুড়ার মহাস্থানগড়সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। এরপর বেনাপোল হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনায় ট্রেনে করে বগুড়া থেকে নাটোরে পৌঁছান।
ক্রিল জানান, বিকেল ৫টার দিকে নাটোর রেলস্টেশনে নামার পর তিনি বিশ্রামাগারে যান। সেখানে থাকা এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং কিছুক্ষণ কথাবার্তাও হয়। একপর্যায়ে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে এটিএম থেকে টাকা তুলতে স্টেশনের বাইরে যান তিনি।
কিছু সময় পর ফিরে এসে ক্রিল দেখতে পান, সেখানে ওই যুবক নেই, সঙ্গে নেই তার ব্যাগটিও। পরে স্টেশনে বিভিন্ন জায়গায় খোঁজ করেও ব্যাগের কোনো সন্ধান পাননি তিনি।
ব্যাগে থাকা ল্যাপটপের মাধ্যমে সেটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করেন ক্রিল। তার ভাষ্য অনুযায়ী, আইক্লাউডের তথ্য থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ল্যাপটপটির অবস্থান নওগাঁ এলাকায় দেখাচ্ছিল।
ব্যাগ হারানোর পর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান ওই জার্মান পর্যটক। পরে তাকে নাটোর সদর থানায় যেতে বলা হয়। থানায় দীর্ঘ সময় অপেক্ষা করার সময় তাকে সহায়তার জন্য অপেক্ষা করতে দেখা যায়। ব্যাগ হারানোর ঘটনায় একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এদিকে বিদেশি পর্যটকের ব্যাগ চুরির খবর পেয়ে সংবাদকর্মীরাও থানায় উপস্থিত হন। সেখানে ক্রিল ইংরেজিতে তার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা দেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। তবে ভুক্তভোগী একজন বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চুরি যাওয়া ডিভাইসের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেই লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ল্যাপটপ, ক্যামেরাসহ পর্যটকের হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।






















