বাগেরহাটের ১৮০ টাকা পাওনা চাওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত
- আপডেট সময় ১১:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 22
বাগেরহাটের মোল্লাহাটে পাওনা ১৮০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চন্দন চক্রবর্তী (২৮) নামে এক মসলা সামগ্রী বিক্রেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ সময় তার ভাইকেও মাথায় আঘাত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর গাড়ফা বাজারে এ ঘটনা ঘটে।
আহত চন্দন চক্রবর্তী ও তার ভাই উপজেলার মেহেরপুর গ্রামের অমৃত চক্রবর্তীর ছেলে। আহত চন্দন জানান, দের বোয়ালিয়া (হালিমপুর) এলাকার এক আইসক্রিম বিক্রেতা তার কাছ থেকে ৮০ টাকার মসলা বাকিতে নেন। একই ব্যক্তির এক ছেলে আরও ১০০ টাকার মসলা বাকিতে নেন।
পরে ওই পাওনা টাকা চাইতে গেলে আইসক্রিম বিক্রেতার তিন ছেলে একযোগে তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে চন্দনকে ছুরিকাঘাত এবং তার ভাইকে মাথায় আঘাত করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চন্দন চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

























