ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় ১২:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 36
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার (৭ অক্টোবর) ভোরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি গোষ্ঠী। স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এডেন নিরাপত্তা বিভাগের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোরের দিকে বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। হামলার পর এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এর আগে স্থানীয় ইয়েমেনি সংবাদমাধ্যমগুলো হামলার সময় বিস্ফোরণের দৃশ্য প্রকাশ করে।
এ হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইয়েমেনি সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। বর্তমানে সরকারি বাহিনী ‘ডন অব ইয়েমেন’ নামে একটি অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার সরকারি বাহিনী জানায়, হুতিদের সঙ্গে সংঘর্ষের পর তারা পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়া দখলে নিয়েছে।
এর আগে সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি জানান, এ অভিযানের লক্ষ্য রাজধানী সানা পুনর্দখল করা এবং হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা।

























