বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি
- আপডেট সময় ০৬:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 33
কুড়িগ্রাম সীমান্তে দুই ভারতীয় নাগরিককে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বাংলাদেশি ভেবে তাদের গুলি করে বাংলাদেশ অংশে ফেলে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গুলিবিদ্ধ ওই দুই ভারতীয় নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয় বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশি হেফাজতে তাদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। আব্দুল আলীম আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, দুই ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।
তবে সীমান্তে গুলির ঘটনা ঘটার অভিযোগ অস্বীকার করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক। তিনি বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।

























