৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
- আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 40
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। এ বিসিএসে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না।
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে হলে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে অথবা বিয়ে করার প্রতিশ্রুতি দিলে তিনি আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
সহকারী সার্জন পদে আবেদন করতে প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।


























